দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : জেলার দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত নির্বাচন ভোটগ্রহণের মাত্র ৬ দিন আগে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রার্থী, কর্মী-সমর্থক ও এলাকাবাসী।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রায় সহস্রাধিক এলাকাবাসীর অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালীন ১৫ নভেম্বর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী অবিলম্বে শুধুমাত্র ভোটগ্রহনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী মেহেরুল ইসলাম, ইউপি সদস্য প্রার্থী সাদিকুল ইসলাম মজনু, অশোক কুমার দেব, শহিদুল ইসলাম, ওয়াজেদ আলী, বেবি খাতুন, শাহিনুর বেগম, এলাকাবাসীর পক্ষে অরবিন্দ কুমার দাস প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে একই দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি ইউএনও শাহেদ পারভেজের প্রতিনিধির কাছে দেন। এর পূর্বে শুক্রবার বিকেলে তালোড়া রেলওয়ে বটতলায় প্রতিবাদ সভা থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মেয়াদ পার হওয়ার প্রায় ৭ বছর পর নির্বাচন কমিশন চলতি বছরের ১৫ নভেম্বর তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়েছিল।

