বগুড়া প্রতিনিধি : শহরের সেউজগাড়ীতে নেশাখোর ভাড়াটিয়ার হাতে খাজিরুন নেছা (৯৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত খাজিরুন নেছা সেউজগাড়ী তালুকদার পাড়ার মৃত ছহির উদ্দিন সেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খাজিরুনের বাড়িতে লাকী (২৪) নামে এক হোটেল বয় ভাড়া থাকতেন। বাড়িতে আর কেউ না থাকায় তিনি বাড়ির মালিক খাজিরুনের দেখাশুনা করতেন। শুক্রবার রাতের যেকোনো সময় লাকী ছুরিকাঘাত করে বৃদ্ধা খাজিরুনকে হত্যা করেন।
নিহতের স্বজনরা জানান, ভাড়াটিয়া লাকী একজন নেশাখোর। নেশার টাকার জন্য তিনি খুন করেছেন। খুনের আগে তিনি খাজিরুনের কান থেকে সোনার দুল ছিনিয়ে নেন। এরপর কানের নিচে চাকু দিয়ে আঘাত করেন। পরবর্তীতে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। ঘটনার পর থেকে ভাড়াটিয়া লাকী পলাতক আছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ভাড়াটিয়া লাকীই খুন করেছে এটা পুলিশ নিশ্চিত হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

