নোয়াখলী প্রতিনিধি: চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোস্তফা কামালের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে কেন্দ্রীয় বিএনপি ও চাটখিল বিএনপি বিপরীতমুখি অবস্থান নিয়েছে। দলীয় নেতার মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় কয়েকবার বিক্ষোভ মিছিলও করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘মোস্তফা কামাল দলের কারো সঙ্গে কোনো প্রকার পরামর্শ না করে মোটা অংকের টাকার বিনিময়ে দলের মনোনয়ন বিকিয়ে দিয়ে আত্মগোপন করে আছেন।’
অপরদিকে কেন্দ্রীয় নেতারা বলছেন, ‘মোস্তফা কামালকে সরকারি দলের ক্যাডাররা অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর নিয়েছে।’
এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন স্পষ্ট করে কোনো কথা বলতে চাননি তবে তিনি এ ব্যাপারে পৌরসভা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পেয়ার আহমেদ বলেন, ‘মোস্তফা কামালের সঙ্গে অনেক চেষ্টা করেও তিনি কোনো যোগাযোগ করতে পারেননি তাই বিষয়টি অস্পষ্টই থেকে গেছে তার কাছে।’ তবে পৌর নির্বাচন নিয়ে সরকারি দল যে ত্রাসের সৃষ্টি করেছে তার নিন্দা জানান তিনি।
পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামিম বলেন, ‘মোস্তফা কামালের বিষয়টি আমার কাছে পুরাই রহস্যজনক। মোস্তফা কামাল জনবিচ্ছিন্ন লোক। তিনি শুধু বিএনপির জনপ্রিয়তায় ভর করে আর আমাদের অক্লান্ত পরিশ্রমে অতীত নির্বাচনে বিজয়ী হয়ে এসেছে। মোস্তফা কামালের মতো অর্বাচিন লোককে পুনরায় মনোনয়ন দেয়ায় বিএনপি বড় ক্ষতি হয়ে গেছে।’
মোস্তফা কামালের বক্তব্য জানতে বার বার তার মোবাইলে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে মোস্তফা কামালের ভাই বিএনপি নেতা বেলায়েত হোসেন বেলাল জানান, তার ভাইকে অপহরণ করেই জোরপূর্বক মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেয়া হয়েছে।
বিদেশ থেকে মোস্তফা কামালের ছেলে মাহবুবুর রহমান জুয়েল মোবাইলে জানান, তার বাবাকে জোর করে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মনোনয়ন বঞ্চিত কতিপয় নেতারা তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, গত সোমবার চাটখিল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বিএনপি প্রার্থী মোস্তফা কামালকে কেউ অপহরণ করেনি বা কোনো ভয়ভীতি ও প্রদর্শন করেনি। তিনি জনবিচ্ছিন্ন হয়ে ও ভোটকে ভয় পেয়ে মনোনয়ন প্রত্যাহার করে পালিয়ে গেছে।
উল্লেখ্য, গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার আবরাউল হাসান মজুমদারের কাছে লোকের মাধ্যমে লিখিতভাবে মনোনয়ন প্রত্যাহারপত্র পাঠান চাটখিল পৌরসভায় বিএনপির দলীয় প্রার্থী মোস্তফা কামাল।

