স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তখন রুদ্ধশ্বাস উত্তেজনা। শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়োজন ছিল ১৩ রানের। অথচ প্রথম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান শুভাগত। দ্বিতীয় বলে হয়েছে মাত্র এক রান। তাই শেষ চার বলে পয়োজন ১১ রানের। পরে অলক কাপালি পরপর দুটি চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছতে সহায়তা করেন।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের এমন উত্তেজনার মুহূর্তে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠেই ছিলেন না। অপেক্ষার শেষ ওভারে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে এ নিয়ে মাশরাফি বলেন, ‘শেষ ওভারে বাইরে থাকিনি। ড্রেসিং রুমের ভেতরে ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল ড্রেসিং রুমের ভেতরে থাকলে ম্যাচটা জিতে যাব।’
এদিকে চোট-জর্জ ক্যারিয়ারে যেখানে জীবনের অনেক অনেক সময় কাটাতে হয়েছে। সেই ফিজিওথেরাপির সেই বিছানা নিয়েও করলেন স্বভাবসুলভ রসিকতা। মাশরাফির ভাষায়, ‘ড্রেসিং রুমে আমি ফিজিওর বিছানায় শুয়ে ছিলাম, যেটি আমার সবচেয়ে আপন!’
শেষ ওভারের আগে অবশ্য টিভি ক্যামেরায় মাশরাফিকে দেখা গেছে ভিউয়িং অ্যারিনায় পায়চারি করতে। কথা বললেন সেটা নিয়েও। মাশরাফি বলেন, ‘শেষ ওভারের আগে পায়চারি করছিলাম। বাংলাদেশ দলের খেলা চলার সময় প্রায়ই ওখানে আমি পায়চারি করি। আজও তেমন কিছুই ছিল।’

