বিনোদন প্রতিবেদক : ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেহের আফরোজ শাওনের চলচ্চিত্রের ‘কৃষ্ণপক্ষ’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির সহকারী পরিচালক জুয়েল রানা। আজ নুহাশপল্লীতে শেষ হয়েছে ছবিটির শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহিয়া মাহি।
জুয়েল রানা জানিয়েছেন, ছবিটির প্রায় সব দৃশ্যের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। একটা গানের শুটিংই শুধু বাকি ছিল। শেষ হলো আজ। তারপর সাউন্ডের কাজ শুরু করবো। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি ছবিটি মুক্তির নতুন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।’
ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় ছবিতে রিয়াজ-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা থাকলেও ছবির নায়ক রিয়াজ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে শুটিং পিছিয়ে যায়।

