বিনোদন ডেস্ক : ১৯৭১ সালে বাংলার মুক্তিযদ্ধের সময় লাখো বাঙালি শরণার্থীদের সাহায্যার্থে আমেরিকায় বন্ধু জর্জ হ্যারিসনকে নিয়ে আয়োজন করেছিলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’। আর তারই মেয়ে জনপ্রিয় সেতার বাদক আনুশকা শঙ্কর বর্তমান সময়ে বিশ্বে শরণার্থীদের সমস্যা ও সঙ্কট নিয়ে নতুন একটি অ্যালবাম প্রকাশের কাজ করছেন।
জানা গেছে, বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের মেয়ে বর্তমানে দীর্ঘ সফরে অবস্থান করছেন নিজের দেশ ভারতে। আর সেখানেই জানালেন শিগগিরই প্রকাশ হবে তার নবম অ্যালবাম ‘ল্যান্ড অব গোল্ড’। আর অ্যালবামটির পুরোটাতেই থাকবে বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে সঙ্কটের কথা। আনুশকা শঙ্করের বিশ্বাস, তার এই নতুন অ্যালবামটি সমাজে একটু হলেও শান্তির বাতাস দিবে।
প্রকাশিতব্য নতুন অ্যালবাম নিয়ে আনুশকা শঙ্কর বলেন, বর্তমানে আমি নতুন একটি অ্যালবাম নিয়ে কাজ করছি। মূলত শরণার্থীদের যে সঙ্কট পৃথিবীজুড়ে দেখা যাচ্ছে আমার নতুন অ্যালবামট ‘ল্যান্ড অব গোল্ড’-এ সেগুলো তুলে ধরার চেষ্টা থাকবে। সম্প্রতি প্যারিস ট্রাজেডি, সিরিয়া ট্রাজেডিসহ বিশ্বের বিভিন্ন দেশে যে ভয়াবহ সঙ্কট দেখা যাচ্ছে এই বিষয়গুলোই আসলে আমাকে এই অ্যালবামটি করতে উৎসাহিত করেছে।
‘ল্যান্ড অব গোল্ড’ সম্পর্কে আনুশকা আরো বলেন, ‘ল্যান্ড অব গোল্ড’ বলতে আসলে আমি বোঝাতে চেয়েছি প্রত্যেকটি মানুষেই আন্তরিকভাবে তার দেশের মাটিতে কোনো কলঙ্কের ছাপ না লাগুক তা প্রত্যাশা করেন। তার শিশু নিরাপদে থাকুক, এটা কামনা করেন। সেই ভাবনা থেকেই মূলত এই নামটা দেয়া।
অন্যদিকে, পঞ্চমবারের মতো মিউজিকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর জন্য আবারো মনোনয়ন পেয়েছেন বিশ্বখ্যাত সেতার বাদক আনুশকা শঙ্কর। সর্বশেষ অ্যালবাম ‘হোম’ এর জন্য তিনি মনোনিত হয়েছেন। ‘হোম’ অ্যালবামটি বাবা রবি শঙ্করকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া রবি শঙ্করের একটি ‘রাগা’ও রয়েছে বলে জানা গেছে ওই অ্যালবামটিতে।

