বিনোদন ডেস্ক : সিনেমা ছেড়ে লেখালেখিতে মনযোগ দিবেন বিখ্যাত সিনেমা ‘পাল্প ফিকশন’ নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। তার ক্যারিয়ারে মোট দশটি সিনেমা পূর্ণ হলেই সিনেমা নির্মাণ ছেড়ে দিবেন বলে মন্তব্য করেছেন তিনি। এই হিসেবে তিনি আর মাত্র দুটি সিনেমা করবেন বলেও জানান।
সম্প্রতি বিশ্ব খ্যাত নিউজ সাইট ‘দ্য হলিউড রিপোর্টার’-এর কর্তৃক আয়োজিত এই সময়ের সিনেমা নিয়ে আলোচনায় অংশ নেন বিশ্বের সেরা ক’জন নির্মাতা। তাদের মধ্যে ছিলেন ডেভিড ও রাসেল, ডেনি বয়েল, টম হুপার, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু, রেডলি স্কট এবং পাল্প ফিকশন খ্যাত নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। সেই বৈঠকে পৃথিবী খ্যাত এই নির্মাতারা তাদের সেরা সিনেমা, তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। কথা বলেন এই সময়ের সিনেমার নানান বিষয় নিয়ে। সেখানেই জীবনের ১০টি সিনেমা নির্মাণের পর সিনেমা ছেড়ে লেখালেখিতে মনযোগি হওয়ার আশা ব্যক্ত করেন ‘কিলবিল’ নির্মাতা টারান্টিনো।
যখন হলিউড রিপোর্টারের ওই বৈঠকে টারান্টিনোকে জিজ্ঞেস করা হয় যে, ১০টি ছবি নির্মাণ পূর্ণ হওয়ার পর তাহলে আপনি কি করবেন? এমন প্রশ্নের উত্তরে বিশ্ব খ্যাত এই নির্মাতা বলেন, বেসিকেলি আমি লেখালেখিতে মনযোগি হতে চাই। বিশেষ করে উপন্যাস এবং থিয়েটারের চিত্রনাট্য লিখতে চাই। থিয়েটার নির্দেশনায়ও যেতে পারি।
পৃথিবী বিখ্যাত মেধাবী ও তারকা নির্মাতাদের অন্যতম একজন বলা হয় কোয়ান্টিন টারান্টিনোকে। ২০১২ সালে নির্মিত অস্কারপ্রাপ্ত ছবি ‘জ্যাঙ্গু আনচেইন’-এর পর ফের তিনি নতুন ছবি ‘দ্য হেটফুল এইট’ নিয়ে হাজির। এরইমধ্যে নানা কারণে ছবিটি নিয়ে ফিল্ম দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। ক’দিন আগে নিউ ইয়র্ক পুলিশও এই ছবির জন্য টারান্টিনোর প্রতি অসন্তুষ প্রকাশ করেছেন, এবং ছবিটি না দেখতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা।
উল্লেখ্য, কোয়ান্টিন টারান্টিনো ১৯৮৭ সালে ‘মাই বেস্ট ফ্রেন্ড বার্থডে’ দিয়ে সিনেমা নির্মাণ শুরু করলেও ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘পাল্প ফিকশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় নির্মাতা হিসেবে আভির্ভুত হন। ছবিটি অস্কার ছাড়াও আন্তর্জাতিক প্রভাবশালী চলচ্চিত্র উৎসবগুলোতেও ব্যাপক দাপট দেখাতে সক্ষম হয়। এরপর তিনি একে একে নির্মাণ করেন জ্যাকি ব্রাউন, কিলবিল, ইনগ্লরিয়াস বাস্টার্ড এবং জ্যাঙ্গু আনচেইন ছবির মত অসাধারণ কিছু সিনেমা।

