নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার মহান বিজয় দিবস উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে: সকাল সোয়া ৬টায় উপাচার্য ভবনসহ প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৬টা ৩৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা। বিজয় দিবস উপলক্ষে টিএসসি, কলা ভবন, ও কার্জন হলে আলোকসজ্জা করা হবে। ছাত্র-শিক্ষক কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছায়ানটের উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত হবে বিজয় উৎসব। বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ৪০ মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান। আয়োজনে অংশ নেবে ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগসহ দেশের প্রায় ৪ হাজার নবীন-প্রবীণ শিল্পী।
সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় হলগুলোতে শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধের চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হবে।

