তথ্যপ্রযুক্তি ডেস্ক : রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। টানা ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি আইএসও ৯০০১ স্ট্যান্ডার্ড ধরে রেখেছে। দেশে রবিই প্রথম মোবাইল ফোন অপারেটর হিসাবে এ সাফল্য অর্জন করল।
রবি কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ইন্টারটেক বাংলাদেশের ডিরেক্টর ড. কার্তিক এনডি. সম্প্রতি রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহের হাতে আইএসও ৯০০১ সনদটি তুলে দেন। এ সময় রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলতান মাহমুদ, জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি, ইন্টারটেক বাংলাদেশের ন্যাশনাল হেড ফর বিজনেস অ্যাসিউরেন্স ইমদাদ উল হক, অ্যাসিসট্যান্ট ম্যানেজার (বিজনেস) লায়েস খান উপস্থিত ছিলেন।
আইএসও ৯০০১ স্ট্যান্ডার্ড অর্জনকারী একটি প্রতিষ্ঠান মানসম্মত ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ করে থাকে। এ স্ট্যান্ডার্ড অর্জন করতে একটি কোম্পানিকে নিয়মানুসারে প্রতিষ্ঠা ও পরিচালনা এবং মানসম্মত পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগের বিষয়টিও নিশ্চিত করতে হয়। এই স্বীকৃতি একটি কোম্পানির চলমান কর্মকাঠামো ও কর্মপরিবেশের ক্রমোন্নতিকেও নির্দেশ করে।

