ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে অবাধে চলে সারের মোড়ক পরিবর্তন

Link Copied!

sarব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জে বিদেশ থেকে আমদানিকৃত সারের মোড়ক পরিবর্তন করে দেশীয় সারের মোড়ক ব্যবহার করে প্রতারণা করছে একটি পরিবহন ঠিকাদার সংস্থা। রাকিব পরিবহন নামের এই সংস্থাটি দীর্ঘদিন যাবত প্রতারণা চালিয়ে যাচ্ছে। আর এই সার ক্রয় করে প্রতারিত হচ্ছে কৃষকরা।
বিদেশ থেকে নির্ধারিত বস্তায় এই সার আমদানি করে তা দেশীয় সার কারখানার নামে মোড়ক করে চালিয়ে দেয়া হয়। এতে দেশীয় সারের প্রতি কৃষক আগ্রহ হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশীয় সারের সুনাম নষ্ট হলেও প্রতারণার মাধ্যমে সংস্থাটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সরেজমিনে গিয়ে জানা যায়, দেশের কৃষকদের সারের চাহিদা পূরণ করতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভর্তুকি দিয়ে আমদানি করা হচ্ছে বিদেশি সার। তবে বিদেশি সারের গুণগত মান ভালো না থাকায় এই সার কৃষক ক্রয় করতে আগ্রহী হয়না। ফলে দিনের পর দিন এই সার খোলা আকাশের নিচে পরে থাকে। বেশি দিন এই অবস্থায় থাকার কারণে সারের গুণগত মান অনেকটা নষ্ট হয়ে যায় এবং জমিতে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
নষ্ট হওয়া এসব সার আশুগঞ্জের রাকিব পরিবহন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান মোড়ক পরিবর্তন করে রাতের আধারে। বিদেশি নষ্ট হওয়া এসব সার দেশীয় সার কারখানা কাফকোর মোড়কে পরিবর্তন করে সংস্থাটি। এতে করে দেশীয় সারের বস্তা কিনে প্রতারিত হচ্ছে কৃষকরা। আর এভাবে সংস্থাটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
গত শুক্রবার গভীর রাতে রাকিব পরিবহন নামে এই চক্রটিকে আশুগঞ্জ নৌ বন্দর এলাকায় গোপনে মোড়ক পরিবর্তন করতে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কর্মরত শ্রমিকরা। চক্রটিকে রক্ষা করতে শনিবার সকাল থেকে দিনভর চলে নানান নাটকীয়তা। পরে রাকিব পরিবহনকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় অভিযুক্ত করে নামমাত্র একটি জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রাকিব এন্টার প্রাইজের মালিক মো. নাসির মিয়া বলেন, ‘নির্ধারিত ব্যাগ না থাকায় সাময়িকভাবে এটি করা হয়েছে। কারখানায় সরবরাহ করার সময় অবশ্যই নির্ধারিত বস্তায় পুণরায় ব্যাগিং করে সরবরাহ করতে হতো।’
জেলা সার সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দিন জানান, ব্যাগ পরিবর্তনের অধিকার বিসিআইসি বা সরকারের ছাড়া কারো নেই। ব্যাগ পরিবর্তন করা হলে কৃষক প্রতারিত হন বা সারের গুণগত মান নষ্ট হয়। বিসিআইসি বা প্রশাসনের উপস্থিতিতে আমদানিকৃত সার ব্যাগিং করা হলে ভালো হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান বলেন, ‘বিষয়টি শুনেছি। নির্ধারিত বস্তায় ব্যাগিং না করা অন্যায়। এতে করে কৃষকরা প্রতারিত হচ্ছে।’
আশুগঞ্জ উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ফেরদৌসী আক্তার জানান, নির্ধারিত বস্তায় ব্যাগিং না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক রাকিব পরিবহনের মালিক নাসির মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আশুগঞ্জ সন্দ্বীপ কুমার সিংহ জানান, প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে যেসব কারখানা বা যাদের মাল পরিবহন করা হচ্ছে তাদের সঙ্গে আলাপ করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।