লালমনিরহাট প্রতিনিধি : জেলার চার্চ অভ গড উপাসনালয়ের যাজক (ফাদার) তপন কুমার বর্মণকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি দিয়েছে আইএস।
গত বৃহস্পতিবার চিঠিটি উপাসনালয়ে পৌঁছালেও তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
আইএস বাংলাদেশ শাখার কমান্ডারের হাতে লেখা ওই চিঠিতে জানা যায়, যাজক তপন কুমার বর্মণকে ২০ ডিসেম্বরের মধ্যে তৃপ্তিসহ যা কিছু খাওয়ার প্রয়োজন তা খেতে বলা হয়েছে এবং তার স্ত্রীর কাছ থেকেও বিদায় নিতে বলেছেন। সিরিয়ার আইএস কমান্ডার তার মস্তকটি চেয়েছেন। যা ২০ ডিসেম্বরের মধ্যে সিরিয়ায় উপহার স্বরুপ পাঠানো হবে। যারা লালমনিরহাট জেলায় খ্রিস্টান ধর্ম প্রচার করে তাদেরও হত্যার নির্দেশ পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরও হত্যা করা হবে।
এ বিষয়ে শনিবার রাত ১১টার দিকে যাজক তপন কুমার বর্মণ লালমনিরহাট সদর থানায় গিয়ে জিডি করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান তিনি।
এদিকে এ ঘটনায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীর ১৬টি মিশনারী, গির্জা ও প্রতিষ্ঠান রয়েছে। এখানে ১৬ জন যাজকসহ ১ হাজার ১১৭ জন খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

