চুয়াডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার জাফরপুর বনবিভাগের কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মো. সাহাজুদ্দিন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাজুদ্দিন আলমডাঙ্গা কলেজ পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনদিন আগে সাহাজুদ্দিন আলমডাঙ্গা থেকে জাফরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যান। সকালে মর্নিং ওয়াক করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

