নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সদর থানার ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন। তারা হলেন-সেলিম খান (৫০), তার ছেলে ইমন (১২) ও মেয়ে মৌসুমি (১৫), এছাড়া অন্য দুজন হলেন-আব্দুল কাদের (৫০) ও সেলিম (৪০)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
সদর থানার এএসআই শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে গুদারাঘাট এলাকায় একটি লঞ্চ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে। এ সময় ট্রলারে থাকা ৪০-৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে সাঁতরে ২০-২৫ জন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। হিসাব অনুয়ায়ী আরো অন্তত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ যাত্রীদের পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একই পরিবারের বাবা ও তার ছেলে-মেয়ে রয়েছে।
সদর থানার মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে রওনা দিয়েছে। তারা উদ্ধার কাজ শুরু করবে বলে জানান এএসআই শফিউর।

