নিজস্ব প্রতিবেদক : হুমকি ও ভয় দেখিয়ে বামপন্থী কমিউনিস্টদের চলমান সংগ্রাম থেকে সরানো যাবে না। সিপিবিসহ বামপন্থী প্রগতিশীলরা আন্দোলন করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তাই এই অপশক্তি কমিউনিস্টদের ভয় ও হুমকি দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও পার্টির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি আয়োজিত এক প্রতিরোধ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-লুটপাটতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দায়িত্বহীনতার কারণে জঙ্গিগোষ্ঠী একের পর এক বামপন্থী প্রগতিশীল মুক্তমনা ব্যক্তিদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং ব্লগার, লেখক, প্রকাশকদের দিনে দুপুরে হত্যা করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কমরেড সেলিম, মনজুরসহ যেসব ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে তাদের জীবনের নিরাপত্তা সরকারকেই দিতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে জামাত-শিবির সহ সাম্প্রদায়িক-জঙ্গিবাদী রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।
সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্সসহ পার্টির নেতৃবৃন্দ।

