নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জানা হয়, আজ বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইাসলাম আলমগীর।
মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথসভায় সিদ্ধান্ত কর্মসূচিগুলো হলো:
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন। একই দিন বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উলক্ষে বিএনপির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।
এদিকে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। একই দিন বিজয় দিবস উপলক্ষে বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করা হবে।
সারাদেশের জেলা, মহানগর এবং থানা বিএনপিও বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, বিজয় র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে বিবৃতিতে জানানো হয়।

