ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ছাতার নিচে আ.লীগের বিভক্ত গ্রুপ

Link Copied!

EC1কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই মেরুর রাজনীতি হয়ে আসছিল। এমনকি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দুই গ্রুপ আলাদা আলাদাভাবে পালন করে আসছিল। এতে করে কর্মীরা বিভ্রান্তিতে পড়েছিল। কিন্তু পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষই এখন সব বিভেদ ভুলে গিয়ে একই ছাতার নিচে অবস্থান করেছে।
গত বছরের ২৫ নভেম্বর কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, মন্নুজান সুফিয়ান, এসএম কামাল, আমিনুর রহমান আমিন, জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব সদর উদ্দিন খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেসময় আলহাজ্ব সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
অপরদিকে নতুন কমিটি গঠন করার পরে শহরের আড়ুয়াপাড়া এলাকায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী সাংবাদিক সম্মেলন করে। এসময়  আনোয়ার আলীকে সভাপতি এবং কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয় এবং সেটি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।
এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে চলে আসছিল বিরোধ। একে অপরকে কটাক্ষ করে নানান বক্তব্যও দিয়ে আসছিল নেতারা।
কিন্তু আসন্ন পৌরসভা নির্বাচনে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি আনোয়ার আলী সদরে দলীয় মনোনয়ন পেয়েছেন। আনোয়ার আলী মনোনয়ন পাওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ আপাতত নেই।
এলাকার কয়েকজন বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আনোয়ার আলীর দলীয় মনোনয়নের চিঠিসহ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা আওয়ামী লীগের স্থানীয় আরেক পক্ষের শীর্ষ নেতারা। যারা কয়েক দিন আগেও বিপক্ষে কথা বলছিলেন। এখন সেই নেতারা নির্বাচন নিয়ে দফায় দফায় সভা করছেন। কষছেন নির্বাচনী ছক। নেতাদের একসঙ্গে দেখে কর্মীরা একদিকে বিস্মিত, অন্যদিকে আনন্দিত।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়ার পর আনোয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও আরেক মনোনয়নপ্রত্যাশী দলের জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলামের সঙ্গে কথা বলেন। কীভাবে নির্বাচন পরিচালনা করা যায় সেসব ব্যাপারে শলাপরামর্শ করছেন। দলের নেতারাও আনোয়ার আলীকে জয়ী করানোর জন্য মাঠে নামার আভাস দিচ্ছেন। তাদের বিশ্বাস, আনোয়ার আলীর নির্বাচনের মধ্য দিয়ে দলের বিরোধ মিটে যাবে।
মনোনয়নপত্র জমাদানের প্রথম দিনেই জেলা আওয়ামী লীগের নেতারা আনোয়ার আলীর মনোনয়নপত্র জমা দেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘দল থেকে আনোয়ার মনোনয়ন পেয়েছেন। বিরোধ ভুলে তার নেতৃত্বে মডেল পৌরসভা গড়া হবে।’
আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, ‘আনোয়ার আলী ১০ বছর পৌরসভার উন্নয়ন করেছেন, তার ভিত্তিতে তিনি জয়ী হবেন। আমরা দলীয়ভাবে তাকেই সাপোর্ট করবো।’
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন বলেন, ‘সব ভেদাভেদ ভুলে আনোয়ার আলীর জন্য কাজ করতে হবে। দলে বিভেদ নেই। ইতোমধ্যে নেতা-কর্মীরা আনোয়ার আলীর পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন।’
আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ার আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবায় কাজ করেছি। আরও সেবা করে যেতে চাই।’