নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিলেও তেমন সফল হয়নি। ৭০টি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে দলটির ১৫ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নও। একইসঙ্গে বাতিল হয়েছে আওয়ামী লীগের ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্রও।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- শরীয়তপুর পৌরসভায় রফিকুল ইসলাম কোতোয়াল, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ধানবাড়ী টাইঙ্গালের খন্দকার মনঞ্জুল ইসলাম।
অন্যদিকে দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তানভীরুল হক রাহাত, ভূঞাপুর পৌরসভার আওয়ামী লীগের তারিকুল ইসলাম চঞ্চল, উল্লাপাড়া পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল কাদের রুমি, সিরাজগঞ্জের পৌরসভার আওয়ামী লীগের শামছুজ্জামান আলো, সখীপুর পৌরসভায় আওয়ামী লীগের জাহাঙ্গীর তালুকদার, খুলনার পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু ও জেলা যুবলীগ নেতা প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান, ত্রিশাল পৌরসভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম পারভেজ, কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের মঞ্জুর রহমান, পুঠিয়া পৌরসভায় আবদুল মালেক, নওহাটা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন ও হাফিজুর রহমান।
শরীয়তপুরের পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগের ১১ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- ভেদরগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জব্বার রাঢ়ী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারি, যুবলীগ নেতা হালিম বেপারি, তানিয়া জাহিদ, নড়িয়া পৌরসভায় উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন, শাহেদুজ্জামান, জাজিরা পৌরসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান, ছাত্রলীগ নেতা খোকন তালুকদার ও যুবলীগ নেতা জুলহাস কবিরাজ।
এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

