নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরনির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাকারী দল বিএনপির। ২০১৪ সালে জাতীয় নির্বাচন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচন যেমন হয়েছে ঠিক তেমনি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা পৌর নির্বাচনে নিরপেক্ষতার চিহ্নমাত্র দেখতে পাচ্ছি না। অপরদিকে নির্বাচন কমিশন নির্বাচনের যে বিধি দিয়েছে তাতেও নিরপেক্ষতার চিহ্ন নেই। এরপরও জনগণ ভোট দিতে পারলে এবং বিএনপির প্রার্থীরা নির্বাচনে প্রচার-প্রচারণা করতে পারলে অবশ্যই আমরা ভালো করবো।’
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। আর নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত বিএনপির সঠিক ছিল।’
নির্বাচনে ২০ দলীয় জোট অংশগ্রহণ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফখরুল আবারো বলেন, ‘জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও দেশে গণতন্ত্র ফিরে আনতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘গত এক বছরে ৫৫ জন রাজনৈতিক নেতা গুম হয়েছে। এছাড়া অনেকেই নিহত, আহত ও বিনাকারণে কারাবরণ করেছে। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।’
দেশে গণতন্ত্র না থাকলে দেশে উগ্রবাদ ও সন্ত্রাসী মাথাছাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এরআগে বেলা সাড়ে ১১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুলে দিয়ে বরণ করেন। কারণ গত ১ ডিসেম্বর নাশকতার তিন মামলায় মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আজ প্রথম তিনি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

