নিজস্ব প্রতিবেদক : ৩৫টি পৌরসভার জেতার মূল টার্গেট করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে তারা মনোনয়ন পত্রও দাখিল করেছে। এই স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই তরুণ।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের শীর্ষ একজন নেতা জানান, পৌর নির্বাচরে সবগুলোতে প্রার্থী না দিয়ে অন্তত জয়ের সম্ভাবনা আছে এমন ৪৪টি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন দাখিল করেছে। এর মধ্যে রাজশাহী বিভাগে ১৭, খুলনা বিভাগে ১০টি, রংপুর বিভাগের ৯টি, সিলেট ৩টি, চট্রগ্রাম ৪টি, ঢাকা বিভাগে ১ টি পৌরসভা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতের মনোনিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন তারা হচ্ছে, রাজশাহী বিভাগে রাজশাহীর গোদাগাড়ীতে আমিনুল ইসলাম, কাটাখালীতে মাজিদুর রহমান, সিরাজগঞ্জের বেলকুচিতে আবদুল মান্নান, রায়গঞ্জে মোশাররফ হোসেন আকন্দ, চাঁপাইনবাবগঞ্জে নজরুল ইসলাম, শিবগঞ্জে জাফর আলী, নাচোলে রফিকুল ইসলাম, রহনপুরে মিজানুর রহমান, বগুড়ার কাহালুতে জহিরুল ইসলাম বাদশা।
খুলনা বিভাগে খুলনার পাইকগাছায় আবদুল মজিদ, যশোরের চৌগাছায় কামাল আহমেদ মাস্টার, কেশবপুরে ওজিহুর রহমান, ঝিনাইদহের মহেশপুরে শহীদুল হক বিশ্বাস, কোটচাঁদপুরে শরিফুল ইসলাম, মিরপুরে আবুল হাশেম চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে পৌর জামায়াতের আমির সাজিদুর রহমান।
রংপুর বিভাগের পঞ্চগড়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক গাজী, নীলফামারীর জলঢাকায় মকবুল হোসাইন, দিনাজপুরের ফুলবাড়ি বাবুল খালেক, বিরগঞ্জ আলহাজ মোহাম্মদ হানিফ, বিরামপুরে ড. এনামুল হক, রানীশংকৈলে মোকাররম হোসেন, গাইবান্ধায় ফেরদৌস আলম, গোবিন্দগঞ্জ গোলাম মোস্তাকিন। সিলেট বিভাগে মৌলভীবাজারের বড়লেখায় খিজির আহমেদ, জকিগঞ্জ, কানাইঘাট।
চট্টগ্রাম বিভাগে কুমিল্লার চৌদ্দগ্রামে ভিপি সাহাবউদ্দিন, সীতাকুন্ডে তৌহিদুল হক চৌধুরী। এছাড়া নোয়াখালী চাটখিল, বশির হাট এবং ঢাকা বিভাগের ফরিদপুরের বোয়ালমারিসহ ৪৪টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছে। তার মধ্যে ৩৫টি পৌরসভা জয়ে সম্ভাবনা আছে।
জামায়াতের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে তরুন। এদের মধ্যে রয়েছেন শিক্ষক, পেশাজীবী এবং ব্যবসায়ী।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে সব পৌরসভায় জোটের ‘একক’ প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি ২৩২টির সবগুলো পৌরসভায় প্রার্থী দেয়। কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আলাদা আলাদা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই হওয়ার আগে কোন পৌরসভায় কে জোটের প্রার্থী হচ্ছেন, সে বিষয়টি নিশ্চিত হয়নি। তাছাড়া গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন পৌরসভায় বিএনপি, জামায়াতসহ জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন জোটনেত্রী খালেদা জিয়া।
পৌর নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা জামায়াতের এক নেতা জানান, মেয়র পদে অনেক জায়গাতেই আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছি। কিন্তু শেষ পর্যন্ত কতজন প্রার্থী থাকবে, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।

