শেরপুর প্রতিনিধি : পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ’১৪ দল জোটগত ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়নি। জোটের শরিকরা স্ব স্ব অবস্থানে থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। এতে মহাজোট বা ১৪ দলের যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী ঐক্য অব্যাহত থাকবে।’
শুক্রবার দুপুরে শেরপুর জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইতিহাস টেনে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালে যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন, তখন পাকিস্তানের পক্ষ নেয়া সাড়ে ১২ হাজার ব্যক্তির তালিকা তৈরি এবং তাদের গ্রেপ্তার করা হয়েছিল। সেই তালিকার ব্যক্তিদের বিচার কাজ হাতে নিবে সরকার।’
পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের পক্ষাবলম্বন করে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধবিরোধী নেক্কারজনক ভূমিকা রেখেছে। যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য শিষ্টাচার বহির্ভূত।’
এ সময় মন্ত্রীর সঙ্গে শেরপুর জেলা প্রশাসক ডা. এমএ পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার এমপি, ইকবাল হোসেন খান, শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুর ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে মন্ত্রী শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

