নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের মানুষ অনেক দিন ধানের শীষ দেখে না। ধানের শীষের কথা ভুলে গেছে। এইবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় জনগণ ধানের শীষ দেখতে পাবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন করে, সরকার করে না। নির্বাচন কমিশন আমাদের কথাও শোনে না। আমার মনে হয়- ভালো নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের আলোকে পৌর নির্বাচন হবে।’
সংসদ সদস্য, মন্ত্রীদের পৌর নির্বাচনে দলের পক্ষে প্রচার চালানোর সুযোগের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বেশির ভাগ দলের প্রধানরাই এমপি, মন্ত্রী। তা ছাড়া বেগম খালেদা জিয়ারও একটা স্ট্যাটাস আছে। ইনু গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিটিভির মালিকই। মেনন সাহেবেরও একটা দল আছে। এরশাদ সাহেবেরও কিছু একটা আছে। তাই এগুলো বিবেচনা করে একটা লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে।’
পাকিস্তানের সমালোচনা করে প্রবীণ এই নেতা বলেন, ‘পাকিস্তান এখন একটা নষ্ট ভ্রষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কীভাবে বলবে? পাকিস্তান থেকে আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার তুলে নিতে হবে।’
বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।

