স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকার-শেন ওয়ার্নের অল স্টারস সিরিজে চার-ছক্কায় ফিফটি মেরে সৌরভ গাঙ্গুলি মনে করিয়ে দিয়েছিলেন ব্যাট-প্যাড তুলে রাখলেও ব্যাটিংটা এখনো ভোলেননি। যারা সৌরভের ব্যাটিং দেখে ভাবছিলেন, হরহামেশাই যদি তাকে ২২ গজে দেখা যেত! তাদের জন্য সুখবর, আবার ব্যাট হাতে নামতে যাচ্ছেন কলকাতার মহারাজা।
সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে (এমসিএল) লিবরা লিজেন্ডস ফ্রাঞ্চাইজিদের হয়ে খেলতে দেখা যাবে সৌরভকে।
ছয় দলের টুর্নামেন্টটি বসবে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। অনেকটা শচীন-ওয়ার্নের অল স্টারস সিরিজের মতো এখানেও খেলবেন শুধু অবসরে যাওয়া ক্রিকেটাররা। খেলা হবে টি-২০ ফরম্যাটে।
ইতোমধ্যে আইসিসি টূর্নামেন্ট করার অনুমতিও দিয়েছে। আগামী বছরের ২৮ জানুয়ারি শুরু হয়ে এমসিএল শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ছয়টি দলে মোট ৯০ জন অবসরে যাওয়া ক্রিকেটার খেলতে পারবেন। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে খেলোয়াড়।
ফাঞ্চাইজিভিত্তিক এই টুর্ন্মেন্টে সৌরভের খেলা নিশ্চিত করেছে তার দল লিবরা লিজেন্ডসের ব্যবসায়ী অংশীদার পূজা ঝুনঝুনওয়ালা।
তিনি বলেন, ‘আমাদের দলের সদস্য হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করতে পেরে আমরা খুশি। তার মতো একজন খেলোয়াড় আমাদের দলকে বাড়তি সুবিধা দেবে। আমরা এই লিগের মাধ্যমে দর্শকদের নিখাদ বিনোদন উপহার দিতে চাই।’
এরইমাঝে টুর্নামেন্টের আইকন হিসেবে স্বাক্ষর করে ফেলেছেন- ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, বীরেন্দ্র শেবাগ এবং জ্যাক ক্যালিস। আমিরাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই, আবু ধাবি এবং শারজাহ স্টেডিয়ামে।

