নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ৬ ডিসেম্বর থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর ’সি’ ইউনিটে মনোনীতদের ভর্তির মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
সূত্র আরো জানায়, প্রথম মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ‘এ’ ইউনিটের ক্ষেত্রে ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, ‘বি’ ইউনিটের ক্ষেত্রে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর, ‘সি’ ইউনিটের ক্ষেত্রে ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে এবং ‘ডি’ ইউনিটের ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ছাড়া ‘ই’ ইউনিটের ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে চারুকলা বিভাগের ৭ ডিসেম্বর এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ৮ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর প্রকাশিতব্য মনোনয়ন তালিকার নির্বাচিত প্রার্থীদের ১৭ থেকে ২২ ডিসেম্বর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাগজপত্র ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে তার আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না।
অন্যদিকে, কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে (সকল ইউনিট)। কোটায় উত্তীর্ণদের সকল সনদ/ট্রান্সক্রিপ্ট, ছবি, ভর্তিপরীক্ষার প্রবেশপত্র এবং কোটার প্রমাণস্বরূপ সনদপত্রসহ উপস্থিত থাকতে হবে। সঠিক প্রমাণাদি ব্যতীত কাউকে ভর্তির সুযোগ দেয়া হবে না।
ভর্তিকৃত শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন/মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। মাইগ্রেশনের পর নতুন প্রাপ্ত বিভাগের অবশ্যই ভর্তি হতে হবে। পূর্ববর্তী বিভাগের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ বিষয়ে পরবর্তীতে কোনো আবেদন গৃহীত হবে না।
উল্লেখ্য, আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ১৭ জানুয়ারি এবং ‘সি’ ইউনিটের ৩ জানুয়ারি ক্লাস শুরু হবে।

