আন্তর্জাতিক ডেস্ক : সোমবার প্যারিসে জলবায়ু সম্মেলনে করমর্দন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর প্রতিবেশি দেশের দুই নেতাকে পাশাপাশি সোফায় বসে তিন মিনিটের মত একান্তে কথা বলতে দেখা যায়।
ওই আলাপে মোদিই ছিলেন মুল বক্তা। আর নওয়াজ ছিলেন তার মনোযোগী শ্রোতা। তবে তারা কি নিয়ে কথা বলছিলেন তা অবশ্য জানা যায়নি। কেননা এ সময় তাদের আশেপাশে দু দেশের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। দু দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা ছিল নিছকই সৌজন্য সাক্ষাৎ। পাক প্রধানমন্ত্রী বলেছেন,‘ মোদির সঙ্গে কথা বলতে ভালো লেগেছে। আশা করছি আগামীতে দু দেশের মধ্যে সংলাপ বিনিময়ের দ্বার খুলে যাবে।’
এর আগে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, বিনা শর্তে ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। তারপরই দু’জনের এই বাক বিনিময় তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
এ বছর জুলাইয়ে রাশিয়ার উফাতে একান্তে বৈঠক করেছিলেন দু’জন। যৌথ বিবৃতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের পথনির্দেশেরও চেষ্টাও হয়েছিল। দু’দেশের সম্পর্কে নতুন মোড় আসবে বলেও ধারণা করা হয়েছিল তখন। কিন্তু পরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের দিল্লির হাইকমিশনে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক ভেঙ্গে দেয় ভারত।
ফলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভার বৈঠকে যোগ দিতে গিয়ে নিউইয়র্কে এক হোটেলে থেকেও বাক্যালাপ হয়নি মোদি ও শরিফের। তবে সম্মেলন শুরুর আগে মোদির দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন শরিফ। হেসে পাল্টা সৌজন্য দেখিয়েছিলেন মোদিও। এবার প্যারিস বৈঠকে দুই নেতাকে একান্তে কথা বলতে দেখে নতুন করে দু দেশের সম্পর্কের অগ্রগতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

