স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানোর পর চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও জিতে যেন উড়ছিল পাকিস্তান। তবে এরপর সিরিজে বাকি তিনটি ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে বাস্তবের জমিনে নামিয়ে আনেন এউইন মরগানের দল। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে শহিদ আফ্রিদির দলকে হারিয়ে এখন স্বপ্নের আকাশে উড়ছে ইংলিশরা। সোমবার তাই শেষ টি-২০ ম্যাচটি পাকিস্তানের জন্য ‘লজ্জা’ এড়ানোর ম্যাচ।
ইংল্যান্ডের কাছে প্রথম দুটি টি-২০ ম্যাচে হেরে এমনিতেই র্যাংকিংয়ে অবনমন ঘটেছে পাকিস্তানের; দুই থেকে আফ্রিদির দল নেমে গেছে চারে। ফলে সোমবার শারাজায় ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া পাক শিবির।
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ১৪ রানে পরাজিত করে মরগানের ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচে আফ্রিদি-ঝড় থামিয়ে ৩ রানের রোমাঞ্চকর জয় দিয়ে সিরিজ পকেটে পুরে ইংল্যান্ড। ১৫ রানে তিন উইকেট নেয়ার পর ৮ বলে ২৪ রানের ‘ঝড়ো’ ইনিংস খেলেও দলের হার রুখতে পারেননি আফ্রিদি।
সোমবার ইংলিশ শিবির পাকিস্তানকে হোয়াইটওয়াশের ‘লজ্জা’ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আর আফ্রিদির দলের লক্ষ্য থাকবে সান্ত্বনার জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশের ‘লজ্জা’ এড়ানো।
শারজাতে পাকিস্তান দল একজন অতিরিক্ত স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সেটা হলে শোয়েব মাকসুদ দল থেকে বাদ পড়বেন; আর একাদশে ঢুকবেন বিলাল আসিফ। দলে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
ইংল্যান্ড আগের দুই ম্যাচে একাদশের ১৫ জনকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ করে দিয়েছে। ফলে সোমবারের ম্যাচে দলে পরিবর্তন আসতে পারে আবার না-ও আসতে পারে।
পাকিস্তান (সম্ভাব্য): শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, রাফাতুল্লাহ মোহাম্মদ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, আনোয়ার আলি, বিলাল আসিফ, সোহেল তানভির ও ওয়াহাব রিয়াজ।
ইংল্যান্ড (সম্ভাব্য): এউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জেমস ভিন্সি, জস বাটলার, ক্রিস জর্দান, জো রুট, জেসন রয়, স্টিফেন প্যারি, রিসে টপলে, ডেভিড উইলি ও ক্রিস উকস।

