নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। কিন্তু এ সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয়বারের মত মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০১৪ সালে প্রথমবার দুইবছর মেয়াদ বৃদ্ধি করা হয়।
এ বিষয়ে জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরো দুবছর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে অক্টোবরে ১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পের টাকায় নতুন ভবনের সাততলা থেকে ১৬তলা পর্যন্ত নির্মাণ এবং একটি ছাত্রী হল নির্মাণ করার কথা। কিন্তু প্রথম তিনবছরে কোনো কাজ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ২০১৪ সালে প্রথমবার মেয়াদ বৃদ্ধি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রকল্প অনুমোদনের পর প্রথম পাঁচ বছরে ৫ শতাংশ কাজ সম্পন্ন না হওয়ায় প্রকল্পটি ডেড (মৃত) প্রজেক্টের (প্রকল্প) তালিকায় চলে যায়। বর্তমান ভিসির বিশেষ অনুরোধে প্রকল্পটি আবার চালু করা হয়েছে।’

