আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ভয়াবহ হামলায় নিহতদের প্রতি সোমবার শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিনি ফ্রান্স সফরে রয়েছেন। পৃথিবীর উষ্ণতা কমিয়ে আনতে বিশ্ব নেতাদের সঙ্গে উল্লেখযোগ্য আলোচনা এবং একটি কার্যকর চুক্তির জন্য মঙ্গলবার পর্যন্ত তার প্যারিস অবস্থান করার কথা রয়েছে।
রোববার রাতে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি প্যারিসে অবতরণ করার পরই কনসার্ট হল বাঁতাক্লতে ছুটে যান প্রেসিডেন্ট ওবামা। এসময় তার সঙ্গে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হঁলাদে। সেখানে তিনি নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে একটি গোলাপ উৎসর্গ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি প্রেসিডেন্ট হঁলাদে এবং প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বেরিয়ে আসেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ওবামা। গত সপ্তাহে ওয়াশিংটনে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান এবং অভ্যন্তরীণভাবে হুমকি মোকাবেলায় গোয়েন্দা তৎপরতায় সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছিলেন তিনি।
গত দু সপ্তাহ আগে প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালিয়েছিল ইসলামি জঙ্গিরা। তবে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাটি হয়েছিল এই বাঁতাক্লতে। প্যারিস হামলায় যে ১৩০ জন নিহত হয়েছিল তাদের মধ্যে ৮৭ জনই ছিল ওই কনসার্ট হলের।

