নিজস্ব প্রতিবেদক : তেজগাঁওয়ের অবৈধভাবে দখলে রাখা ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযানকালে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি এবং এক শ্রমিক আহত হওয়ার ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তারপরও যেকোনো মূল্যে স্ট্যান্ড ও রাস্তা দখল মুক্ত করা হবে।’
রোববার দুপুরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অভিযানকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মেয়র তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরনো ট্রাক রেখে ও অবৈধভাবে স্ট্যান্ড দখলে রাখাদের দুই মাস সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা স্ট্যান্ড খালি তো করেনি বরং বরাবরের মতো রাস্তা দখল করে জনগণের চলাচলের ভোগান্তি সৃষ্টি করেছে। আমরা যেকোনো মূল্যে ট্রাকস্ট্যান্ড খালি করে রাস্তা উন্মুক্ত করতে চাই।’
পুলিশের গুলিতে একজন শ্রমিক আহত হওয়ার বিষয়ে আনিসুল হক বলেন, ‘কীসের গুলি? শ্রমিকদের নিজেদের ছোড়া ইটের আঘাতেই ওই শ্রমিক আহত হয়েছে। আর কেউ একজন বলল- পুলিশ গুলি করেছে, অমনি তা গুলি হয়ে গেলো! কোনো গুলি হয়নি। আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত। শ্রমিক নেতাদের সঙ্গে তাকে কথা বলিয়ে দেয়া হয়েছে।’
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নে সাধারণ সম্পাদক রুস্তুম আলী বলেন, ‘তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতরে ৩৯ বিঘা জমি অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। আমারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরনো ট্রাকগুলো সেখান থেকে সরিয়ে রাস্তার উপর রাখা গাড়িগুলোকে ভিতরে জায়গা করে দেবো। সে অনুযায়ী আজ সিটি করপোরেশনকে নিয়ে অভিযান চালানো হয়েছে। কিন্তু বহিরাগত কিছু লোকের উস্কানির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। সেখানে একজন শ্রমিক আহত হয়েছে। এটা গুলি না ইটের আঘাত পেয়ে। ঢামেকে তার চিকিৎসা চলছে।
আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি, এখানে কোনো শ্রমিক সংগঠনের কেউ জড়িত নয়। বিষয়টি না জেনে কিছু লোকের উস্কানিতে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে।

