স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করার পর ব্যাটিংয়েও দারুণ এক ‘ক্যামিও’ ইনিংস উপহার দেন তিনি। তবে দরের হার এড়াতে পারেননি এই অলরাউন্ডার। পাকিস্তানকে ৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ২-০ তে জিতে নিয়েছেন এউইন মরগানের দল।
শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ১৫ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন শহিদ আফ্রিদি। দারুণ এই বোলিং করার পথে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বাধিক উইকেট-শিকারির রেকর্ড নিজের দখলে নেন পাকিস্তানের অধিনায়ক। পাকিস্তান দলের বাইরে থাকা অফ-স্পিনার সাঈদ আজমলকে হটিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বনেন তিনি।
৮৬ ম্যাচে আফ্রিদির উইকেটসংখ্যা ৮৬। ৬৪ ম্যাচে ৮৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাঈদ আজমল। মজার ব্যাপার হচ্ছে, টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ ৩ উইকেটশিকারিই পাকিস্তানি। ৫৮ ম্যাচে ৮৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি পেসার উমর গুল।
১৫ রানে ৩ উইকেট নেয়ার পর ৮ বলে ২৪ রানের ‘ঝড়ো’ ইনিংস খেলে পাকিস্তানকে খাদের কিনারা থেকে তুলে এনে জয়ের স্বপ্ন দেখান। তবে আফ্রিদি ফিরে যেতেই জয়ের স্বপ্ন মিইয়ে যায় পাকিস্তানের।

