স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-২০ সিরিজে ফেরা হলো না। দ্বিতীয় টি-২০ ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে ৩ রানে হেরে গেছে। ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে পাকিস্তান প্রায় জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তাদের ১৬৯ রানে থামতে হয়েছে। ফলে তিন ম্যাচের টি২০ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ইংল্যান্ড।
সোমবার তৃতীয় এবং শেষ ম্যাচটি হয়ে রইলো স্রেফ আনুষ্ঠানিকতার। টি-২০ ক্রিকেটে ১৭২ রান চ্যালেঞ্জিংই। তবে চ্যালেঞ্জ জয়ের জন্য পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আহমেদ শেহজাদ এবং রাফাতুল্লাহ মোহাম্মদ। পাঁচ ওভারে ওপেনিং জুটিতে তারা স্কোরবোর্ডে জমা করেন ৫১ রান। শেহজাদের (২৮) পর দলীয় ৬০ রানে ফেরেন আরেক ওপেনার রাফাতুল্লাহও (২৩)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংলিশদের হাতে। শোয়েব মালিক ২৬, মোহাম্মদ হাফিজ ২৫, উমর আকমল ৩ এবং ২ রান করে ফিরে যান শোয়েব মাকসুদ।
শেষ তিন ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৪৭ রান। বুমবুম আফ্রিদি ক্রিস ওকসের ১৮তম ওভারে তিন ছক্কাসহ ২২ রান নিয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ওই ওভারের শেষ বলে আফ্রিদির বিদায়ে ফের চাপে পড়ে পাকিস্তান। জিততে শেষ ওভারের প্রয়োজন ছিল ১১ রানের। কিন্তু সেট ব্যাটসম্যান সরফরাজ আহমেদ (১৯) ফিরে গেলে সোহেল তানভির-আনোয়ার আলিরা পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার লিয়াম প্ল্যাঙ্কেট।
আদিল রশিদ ১৮ এবং ক্রিস ওকস ৪০ রানে নিয়েছেন ২টি করে উইকেট। এর আগে টস জয়ী ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন ওপেনার জেসন রয়। তিনি ২২ বলে এক চার, দুই ছক্কায় ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান। মিডল অর্র্ডারে সেই ধারাবাহিকতা ধরে রেখে জেমস ভিন্সি ২৪ বলে তিন চার, দুই ছক্কায় ৩৮, জস বাটলার ২২ বলে এক চার, তিন ছক্কায় ৩৩ এবং জো রুট ১৬ বলে ২০ রান করেন। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের স্কোরবোর্ডে উঠে ১৭২ রান। ১৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শহিদ আফ্রিদি। ২৭ রানে ২টি উইকেট নিয়েছেন আনোয়ার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন প্ল্যাঙ্কেট।
প্রসঙ্গত, তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে ওয়ানডে সিরিজও পাকিস্তান হেরেছে ৩-১ ব্যবধানে। অবশ্য তার আগে মিসবাহ-উল-হকের নেতৃত্বে তিন টেস্টের সিরিজ পাকিস্তান জিতেছে ২-০ ব্যবধানে। বরাবরই সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো করা পাকিস্তানকে এই সিরিজে দেখা গেল উল্টো ভূমিকায়। তারা টেস্ট সিরিজই জিতলো অথচ হারলো কি-না দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেই!

