বিনোদন ডেস্ক : রনবীর-দীপিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও তারা একে অন্যের সাথে জুটিবদ্ধ হয়ে ঠিকই ছবি করছেন। সেই হিসেবে প্রাক্তন প্রেমিক বলিউডের ‘রোমান্টিক বয়’ খ্যাত অভিনেতা রনবীর কাপুরের জন্য প্রার্থনা করতে মন্দিরে গেলেন আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। গতকাল বৃহস্পতিবার হঠাৎই সিদ্ধিবিনায়েক মন্দিরে প্রার্থনার জন্য গিয়ে হাজির হন দীপিকা।
জানা গেছে, রনবীর-দীপিকা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি তামাশা মুক্তি পেল আজ শুক্রবার। আর মুক্তির একদিন আগে ‘তামাশা’র মঙ্গল কামনায় হাজির বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘তামাশা’ মুক্তির একদিন আগে বৃহস্পতিবার তিনি মন্দিরে যান। প্রার্থনার পর দীপিকাকে জিজ্ঞেস করা হয় রনবীরের জন্যও প্রার্থনা করেছেন কিনা!
জবাবে দীপিকা মুচকি হেসে বলেন, হ্যাঁ, অবশ্যই। তার জন্যইতো প্রার্থনা করলাম!
মুক্তি পাওয়া ‘তামাশা’ ও রনবীর প্রসঙ্গে দীপিকা আরো বলেন, জীবনে উত্থান-পতন একটি সাধারণ ঘটনা। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমি রনবীরের জন্য মোটেও চিন্তিত নই। গতরাতে আমি ছবিটি দেখেছি, এবং আমি অভিনয় করেছি বলে বলছি না, ছবিটি সত্যিই অসাধারণ!
ছবি মুক্তির আগে মন্দিরে আসার বিষয়টি নতুন নয় জানিয়ে দীপিকা বলেন, যখনই আমার কোনো ছবি মুক্তির দিন চলে আসে, আমি এখানে এই মন্দিরে প্রার্থনা করতে চলে আসি। এবারো তার ব্যতিক্রম হয়নি, ‘তামাশা’র জন্য প্রার্থনা করতে চলে এসেছি। এটা আমার জন্য আচারে পরিনত হয়েছে।
মন্দিরে যাওয়ার পর দীপিকা পাডুকোনকে বর্তমানে ভারতজুড়ে ‘অসহিষ্ণুতা’র প্রশ্নে চলমান ‘আমির খান বিতর্ক’ নিয়ে প্রশ্ন করলে ‘এই বিষয় নিয়ে কথা বলার এটা উপযুক্ত সময় নয়’ বলে এড়িয়ে যান দীপিকা।

