বিনোদন ডেস্ক : ভারতজুড়ে এখন চলছে বলিউড সুপারস্টার অভিনেতা আমির খানকে নিয়ে বিতর্ক। বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের মানুষদের মুখেও এখন শুধুই আমির খান। পক্ষে বিপক্ষে আমিরকে নিয়ে চলছে কাঁটাছেড়া। অথচ আমির খান সেইসব বিতর্কে একটুও কান না দিয়ে চালিয়ে যাচ্ছেন তার পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর শ্যুটিং। অথচ তার উপর হামলা চালানোর উস্কানি প্রতিমুহূর্তেই দিয়ে আসছেন কট্টর ধর্মীয় দলগুলোর নেতারা!
জানা গেছে, গত সোমবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে ছিলেন আমির খান। সেখানে তিনি ভারতে উদ্ভুত ‘অসহিষ্ণু’ পরিস্থিতি নিয়ে প্রথমবারের মত কথা বলেন। অসহিষ্ণুতাকে সমর্থন করে কথা বলার পর থেকেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির রাজনৈতিক নেতা থেকে খোদ বলিউডের অনেক সহকর্মিরাও! রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাকে নিয়ে চলছে কাঁটাছেড়া। অথচ এসব বিতর্ককে গায়ে না মেখে আমির খান গত তিনদিন যাবৎ যোগ দিয়েছেন পাঞ্জাবের ‘লুধিয়ানা’ গ্রামে। সেখানে চলছে তার পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর শ্যুটিং। পরিস্থিতি এখন এতটাই অস্বাভাবিক যে পাঞ্জাবের শ্যুটিংস্থলেও হামলার আশঙ্কায় আছেন তিনি। কারণ শিব সেনার পাঞ্জাব অংশের প্রধান নেতা রাজীব টেন্ডন আমির খানের উপর হামলা চালানোর উস্কানি দিয়ে যাচ্ছেন। এরইমধ্যে তিনি আমিরকে যে থাপ্পড় কষাতে পারবে তার জন্য ১লাখ রুপি পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছেন।
শুধু তাই না, পাঞ্জাবে আমির খান যে পাঁচ তারকা হোটেলে বাস করছেন, সেখানেও হামলার পরিকল্পনা করছে শিব সেনা। সেই হোটেলের সামনেও পুড়ানো হয়েছে আমির খানের ছবি। তাকে অসম্মান করে সেখানে গালমন্দও করেছেন শিব সেনার সদস্যরা।
অন্যদিকে, গত বুধবার থেকেই আমির খান মিডিয়াকে এড়িয়ে চলছেন। তাকে শুধু পাঞ্জাবের হোটেল থেকে বের হয়ে যেতে আর ঢুকতে দেখা যায়। যদিও শিব সেনা থেকে আমিরের উপর আক্রমনের আভাস পাওয়ার পর থেকেই সেখানে নিরাপত্তাকর্মী বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।
পুলিশ অফিসার রুপিন্ডর কৌর আমির খানের নিরাপত্তা নিশ্চিত করনের বিষয়টি জানিয়ে বলেন, পাঞ্জাবের যে হোটেলটিতে আমির খান থাকেন সেখানে নিরাপত্তা আগের চেয়ে আরো জোরদার করা হয়েছে। এমনকি পাঞ্জাবের এই হোটেল থেকে ১২৫ কিলোমিটার দূরে লুধিয়ানায় যেখানে আমির খান শ্যুটিং করেন সেখানেও পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দেয়া হয়েছে।
উল্লেখ্য, মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি এখন সেই লুধিয়ানা গ্রামে অবস্থান করছেন।

