আর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ায় ব্রিটেনের বিমান হামলাকে সমর্থন করেন না দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন।সিরিয়ায় ব্রিটিশ বাহিনী বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিলে সে বিষয়ে সমর্থন করা হবে না বলেও জানিয়েছেন ওই নেতা। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
লেবার পার্টির পার্লামেন্ট সদস্যদের কাছে লেখা এক চিঠিতে জেরেমি করবিন জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর কোনো পরিকল্পনাকে সমর্থন করবেন না তিনি।
ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা বাড়াতে আইএস জঙ্গিদের ওপর হামলা চালানো উচিত বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যে দাবি করেছেন তার সঙ্গেও একমত নন করবিন।
পার্লামেন্টে দেয়া ভাষণে করবিন প্রশ্ন তুলে বলেন, ‘এ পরিকল্পনা কী আদৌ ব্রিটেনের নিরাপত্তা বাড়াবে?’
ওই বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আইএস জঙ্গিরা ইরাক, সিরিয়া এবং লিবিয়াতে লক্ষ লক্ষ মানুষের মনে ত্রাসের সঞ্চার করেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। আমাদের নাগরিকদের জীবনেরও হুমকি রয়েছে। প্যারিস হামলার পর সেই প্রশ্ন আরো বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আইএস এর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে সেই হুমকি কি আমরা নির্মূল করতে পারব? নাকি আরো বাড়িয়ে তুলব?’
তবে তাঁর এই অবস্থানকে কেন্দ্র করে নিজের দল দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। কেউ তার সঙ্গে একমত আবার কেউ এই ব্যাপারে মোটেও একমত নয়।
দলের প্রভাবশালী একটি অংশ প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রস্তাবনার পক্ষেই সমর্থন দিচ্ছে। ছায়া মন্ত্রীসভার এক সদস্য জানিয়েছেন, করবিনের মতামতকে কেন্দ্র করে দলের মধ্যে নানা সমালোচনা শুরু হয়েছে।
এমনকি করবিন যদি লেবার দলের ছায়া মন্ত্রীসভার সদস্যদের ওপর নিজের মতামত চাপিয়ে দেবার চেষ্টা করেন, তাহলে অনেকেই পদত্যাগ করবেন বলেও ওই সদস্য জানিয়েছেন।

