স্পোর্টস ডেস্ক : জার্গেন ক্লপের লিভারপুল ইউরোপা লিগে পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে। বৃহস্পতিবার বোর্দেক্সকে ২-১ গোলে পরাজিত করেছে লিভারপুল। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই ইউরোপা লিগের শেষ ৩২ নিশ্চিত হয়েছে অল রেডদের।
বৃহস্পতিবার খেলার ৩৩তম মিনিটে ১৬ মিটার দূর থেকে এক বুলেটগতির শটে লিভারপুল গোলরক্ষক সিমোন মিগনোলেটকে পরাস্ত করে বোর্দেক্সকে এগিয়ে নেন হেনরি সেইভেট।
সমতায় ফিরতে অবশ্য খুব একটা সময় নেয়নি লিভারপুল। পাঁচ মিনিট পর অর্থাৎ ৩৮তম মিনিটে বোর্দেক্স ডিফেন্ডার লুডোভিক স্যান ডি বক্সের ভেতরে জেমস মিলনারকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ইংলিশ মিডফিল্ডার মিলনার নিজেই গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।
প্রথমার্ধের শেষ মিনিটে ক্রিশ্চিয়ান বেনতেকি’র দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় লিভারপুল। নাথানিয়েল ক্রস নিজের নিয়ন্ত্রণে নিয়ে ১৬ মিটার দূর থেকে জোরালো এক শটে গোলরক্ষক সেড্রিক ক্যারাসো’কে পরাস্ত করেন এই বেলজিয়ান স্ট্রাইকার। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

