স্পোর্টস ডেস্ক : গত ৯ বছর ধরে বিদেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সেই রেকর্ডে ছেদ পড়তে যাচ্ছে। ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে হারের শঙ্কার মুখে পড়েছে প্রোটিয়ারা।
সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল। নাগপুর টেস্টে ভারতের কাছে হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই বিদেশের মাটিতে গত প্রায় এক দশক ধরে অপরাজিত থাকার ‘গর্ব’ বিলীন হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকার পরাজয়ের পথ তৈরি হয় নাগপুর টেস্টের দ্বিতীয় দিনেই। প্রথম ইনিংসে ভারতের করা ২১৫ রানের জবাবে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার বোলিং তোপে পড়ে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়া শিবির। ভারত ১৩৬ রানের বিশাল লিড পাওয়ায় হার দেখতে শুরু করে হাশিম আমলার দল।
দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৩ রানে গুটিয়ে গেলে নাগপুরের ‘স্পিন-বিষে’ ভরা পিচে ৩১০ রানের কঠিন এক লক্ষ্যমাত্রা পায় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের শেষ ঘণ্টায় জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ২ উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে আমলার দল। ২ উইকেটে ৩২ রানে দিন শেষ করে প্রোটিয়ারা।
শুক্রবার টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার ও হাশিম আমলা। দিনের প্রথম ঘণ্টা শেষ না হতেই এলগার ও ডি ভিলিয়ার্সকে সাজঘরে ফিরিয়ে ভারতকে জয়ে পথে নিয়ে আসেন গোটা সিরিজ-জুড়ে অসাধারণ বোলিং করা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
দলীয় ৪০ রানের মাথায় এলগারকে পূজারার ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান অশ্বিন। এরপর সেট হওয়ার আগেই ডি ভিলিয়ার্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার রান তখন ৪ উইকেটে ৫৮।
৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়া দক্ষিণ আফ্রিকার হয়ে এরপর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আমলা ও ফ্যাফ ডু প্লেসিস। এই দুজন ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চের বিরতিতে যান।
এই রিপোর্ট লেখা পযন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। আমলা ২৯ ও ডু প্লেসিস ২৩ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে প্রথম ইনিংসে স্পিনের পাতা ফাঁদে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ২১৫ রানে অলআউট তারা। প্রথম ইনিংসে ভারতের হয়ে মুরালি বিজয় ৪০, জাদেজা ৩৪ ও হৃদ্ধিমান সাহা করেন ৩২ রান।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সিমন হার্মার ৪টি এবং মরনে মরকেল নেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন ক্যাগিসো রাবাদা, ইমরান তাহির ও জেপি ডুমিনি।
এরপর দক্ষিণ আফ্রিকার চেহারা আরও করুণ। মাত্র ৭৯ রানেই অলআউট হয় প্রোটিয়া শিবির। প্রোটিয়াদের হয়ে ডুমিনি করেন ৩৫ রান। ভারতের হয়ে অশ্বিন ৫টি ও জাদেজা ৪টি উইকেট নিয়েছেন। কি ভয়ানক স্পিন উইকেট।
দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে বৃহস্পতিবার সুবিধা করতে পারেনি ভারতও। মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৩৯ রান করেন ধাওয়ান। এছাড়া পুজারা ৩১, রোহিত শর্মা ২৩ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিন জাদুতে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন ইমরান তাহির। স্পিনবান্ধব উইকেটে ৩ উইকেট নিয়ে নিজের সফলতা প্রমাণ করেছেন পেসার মরনে মরকেল। হারমার ও ডুমিনি নিয়েছেন একটি করে উইকেট।
প্রসঙ্গত, চার ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নাগপুর টেস্টে ভারত জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরবে কোহলির দল।

