স্পোর্টস ডেস্ক : ব্রিসবেন টেস্টে আধিপত্য দেখিয়ে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর রস টেলর ও কেন উইলিয়ামসনের মহাকাব্যিক জুটির কল্যানে নিউজিল্যান্ড পার্থ টেস্ট ড্র করলেও সেই টেস্টেও অস্ট্রেলিয়ার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। শুক্রবার থেকে শুরু হওয়া ঐতিহাসিক অ্যাডিলেড টেস্টেও অসি আধিপত্য অব্যাহত রইলো।’
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টের স্বাক্ষী হচ্ছেন দর্শকরা। শুক্রবার স্টিভেন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালাম অ্যাডিলেড ওভালের সবুজ পিচে টস করতে নামার মধ্য দিয়েই রেকর্ড গড়লেন। মুদ্রা নিক্ষেপণ ভাগ্যে অবশ্য জিতলেন কিউই দলপতি। মিচেল স্টার্ক দিনের প্রথম ওভার শুরু করার পর সেই ঐতিহাসিক টেস্টের মাহেন্দ্রক্ষণ পূর্ণতা পেল।
তবে টস জিতে ব্যাটিংয়ে নামার পর গোলাপি বলে অস্ট্রেলিয়ার বোলাররা নিউজিল্যান্ডের স্বস্তি কেড়ে নিলেন। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, পিটার সিডল ও নাথান লায়নের চতুর্মুখী বোলিং আক্রমণে পড়ে মাত্র ৯৮ রান তুলতেই টপ-অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চরম ব্যাটিং বিপযয়ে পড়ে কিউই শিবির। একে একে ফিরে যান মার্টিন গাপটিল (১), কেন উইলিয়ামসন (২২), টম লাথাম (৫০), রস টেলর (২১) ও ম্যাককালাম (৪)।
৯৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অভিষিক্ত মিচেল স্যান্টনার ও বিজে ওয়াটলিং। এই দুজনের ব্যাটের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।
এই রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান। স্যান্টনার ২৩ ও ওয়াটলিং ৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয় বলে নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম আঘাতটা হানেন জস হ্যাজেলউড। ফর্মে ফিরতে সংগ্রাম করা গাপটিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন কেন উইলিয়ামসন ও টম লাথাম। এই দুজনের ৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
তবে মধ্যাহ্ন বিরতির একটু আগে কেন উইলিয়ামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিউজিল্যান্ডকে বড় একটা ধাক্কা দেন মিচেল স্টার্ক। ৫৯ রানের মাথায়্ উই্লিয়াসনকে হারানোর পর তৃতীয় উইকেটে রস টেলর ও টম লাথামের মধ্যকার ৩৫ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে কিউই শিবিরে।
কিন্তু এরপর মিচেল স্টার্ক, নাথায় লায়ন ও পিটার সিডলের ত্রিমুখী আক্রমণে পড়ে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা। একে একে ফিরে যান টম লাথাম, রস টেলর ও ম্যাককালাম। ৯৮ রানে ৫ উইকেট হারানোর পর স্যান্টনার ও বিজে ওয়াটলিংয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিউইরা।
প্রসসঙ্গ, তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

