শাবি প্রতিবেদক : প্রযুক্তিবিদ্যা চর্চায় দেশের অন্যতম জাতীয় ইভেন্ট ‘সিএসই কার্নিভাল’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। পঞ্চমবারের মতো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করছে।
শুক্রবার সকাল ১১টায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল উদ্বোধন করেন এ ইভেন্ট। এ সময় উপস্থিত ছিলেন শাবির সাবেক ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর শহিদুর রহমান প্রমুখ।
শাবির সিএসই সোসাইটির সহযোগিতায় দুই দিনব্যাপী এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে কানাডা ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান আইপিভিশন কানাডা ইনকরপোরেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুগান্তর, বিডিনিউজ২৪ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
সিএসই কার্নিভালের সমন্বয়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘মূলত চারটি ইভেন্টে আমাদের এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৫০টির মতো টিম রেজিস্ট্রেশন করলেও যথাযথ তথ্য ও ঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না থাকায় আমরা ১১২টি টিমকে বেছে নিয়েছি। দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১১২টি টিম প্রতিযোগিতা করবে এই ইভেন্টে।
এ ছাড়া আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সফটওয়্যার প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২২ টি দল, প্রজেক্ট শোকেসিংয়ে ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ২৩টি দল অংশ নিচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, প্রতিযোগিতায় বিচারকগণ সবাই অভিজ্ঞ এবং দক্ষ। সবাইকে সুন্দর একটা আয়োজন উপহার দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
আইপিভিশন সিএসই কার্নিভাল আগামীকাল শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ ছাড়া প্রতিযোগিতার বিস্তারিত তথ্য www.csecarnival.com ওয়েবসাইটে গিয়ে জানা যাবে।

