স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট। প্রথা অনুযায়ী থাকছে না পুরোনো লাল রংয়ের বল। খেলা হবে গোলাপী রংয়ের বল দিয়ে। আগামীকাল শুক্রবার অ্যাডিলেডে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় সংযোজনের অপেক্ষায়। প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোতে কোন টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ম্যাচ অবলোকন করে ইতিহাসের স্বাক্ষী হতে মরিয়া অনেকেই।
তবে এমন ইতিহাসের অংশ হতে পারে বাংলাদেশও। প্রস্তাবটা দিয়েছে নিউজিল্যান্ডই। আগামী বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে একটি টেস্ট হতে পারে ফ্লাডলাইটে।
তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশকে তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি। তবে এনজেডসির প্রধান লিন্ডসে ক্রোকারের কথায় স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে একটি দিবারাত্রির টেস্ট খেলতে তারা খুবই আগ্রহী, ‘আমাদের মনে হয় (দিবারাত্রির টেস্ট চালিয়ে যাওয়ার জন্য) ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে সিরিজটিই সবচেয়ে ভালো হবে।’

