স্পোর্টস ডেস্ক : মেয়েদের ক্রিকেট ইভেন্টের ইতিহাস খুব বেশী দিনের নয়। যেখানে মেয়েদের ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালন করতেন পুরুষ আম্পায়ার। তবে দিন বদলেছে, এসেছে নতুন সময়। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এবার আম্পায়ার হিসাবে দেখা যাবে মেয়েদেরই।
সেই পথে হেঁটেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচের জন্য নারী আম্পায়ার নিয়োগ দিয়েছে সংস্থাটি। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। এ লক্ষ্যে চারজন নারী আম্পায়ারকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে আইসিসি।
এ সম্পর্কে আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্যাথলিন ক্রসের সঙ্গে বাছাইপর্বে ম্যাচ পরিচালনার জন্য যোগ দেবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, ইংল্যান্ডের সু রেডফার্ন ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।

