আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে মার্কিন সামরিক বিভাগে ‘উল্লেখযোগ্য উদ্বেগ’ দেখা দিয়েছে। বুধবার এক মার্কিন সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার মন্ত্রণালয়ের টুইটার ফিডে বলেছেন, সিরিয়ার ভূমধ্যসাগরীয় ঊপকূলে লাটাকিয়ার কাছে হেমিম বিমান ঘাঁটিতে এস-৪০০ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে তার দেশ। এই রুশ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার বা ১৫৫ মাইলের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেখানে তুরস্ক সীমান্তের দূরত্ব ৩০ মাইলেরও কম।
তুরস্ক মঙ্গলবার তার সীমান্ত সংলগ্ন এলাকায় একটি রুশ জঙ্গি বিমান ভূপতিত করার পর এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি’কে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র যে কারো জন্যই হুমকি স্বরুপ এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
গত এক বছরেরও বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা দেশটিতে ৮ হাজারের বেশি বোমা নিক্ষেপ করেছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

