স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরি কাটিয়ে এল ক্লাসিকো দিয়েই মাঠে ফেরেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার শেষ ৩০ মিনিটের মতো খেললেও গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন অধিনায়ক। তবে নিজের ঝলক দেখানোর পর ভক্তদের বেশি দিন অপেক্ষায় রাখেননি এই খুদে জাদুকর। মঙ্গলবার জোড়া গোল করে রোমার বিপক্ষে দলকে ৬-১ গোলের বড় জয় এনে দেন মেসি। ম্যাচ শেষে চারবারের ব্যালন ডি’অর-জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার জানান, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য তিনি ব্যাকুল ছিলেন।
মঙ্গলবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগ শেষে মেসি বলেন, ‘ইনজুরি আমাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছিল। আমি ফের মাঠে নামার জন্য, খেলার জন্য ব্যাকুল ছিলাম। যদিও বেঞ্চে বসে দলের খেলাটাও আমি দারুণ উপভোগ করেছি।’
বার্সেলোনার সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম নিয়ে লিওনেল মেসি বলেন, ‘টিম সত্যিই দারুণ খেলছে। তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে; সামনে আরো অনেক পথ বাকি রয়েছে। সামনে আমাদের আরো গুরুত্বপূর্ণ সময় আসছে। যেমন, ক্লাব বিশ্বকাপের লড়াই। আশা করি আমরা এই ফর্ম ধরে রাখতে পারবো।’
নিজের ফর্ম নিয়ে মেসি বলেন, ‘আমি এখন আগের চেয়েও অনেক ভালো আছি। ইনজুরির পর দিন দিন প্রত্যাশা মতোই উন্নতি করছি। মাঠে খেলার মধ্য দিয়ে আমি নিজের আত্মবিশ্বাস ও খেলার ছন্দ ফিরে পেতে শুরু করেছি। পুরো ৯০ মিনিট খেলতে পারায় আমি বেশ আনন্দিত।
গত মৌসুম থেকেই মাঠ এবং মাঠের বাইরে নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে মেসির রসায়নটা দারুণ জমে উঠেছে। এবার মেসির উপস্থিতিতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছেন নেইমার ও সুয়ারেজ। মেসি ফেরায় এই ত্রয়ী ফের প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠা শুরু করছেন।
নেইমার ও সুয়ারেজের সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমি নিশ্চিত নই যে এটি (নেইমার ও সুয়ারেজের সঙ্গে দারুণ সম্পর্কের রসায়ন) দলের সাফল্যের মূল চাবিকাঠি কি না, কিন্তু এটি সত্যি যে আমাদের মধ্যকার সম্পর্ক অসাধারণ এবং প্রতিটি ম্যাচই আমরা উপভোগ করার চেষ্টা করি। আমরা সব সময় দায়িত্ব নিয়ে খেলি এবং জয় পেতে ভালোবাসি।’

