বিনোদন ডেস্ক : ভারত অসহিষ্ণুতার প্রশ্নে এবং সাম্প্রতিক তর্ক-বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুলেই রীতিমত ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। বিষয়টি এতটায় গুরুতর পর্যায়ে যে তাকে এখন থাকতে হচ্ছে পুলিশি নিরাপত্তায়।
জানা গেছে, সম্প্রতি ‘রামনাথ জয়েনকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আমির খান ভারতে চলা ‘অসহিষ্ণুতা’ বিতর্কে প্রথমবার মুখ খুলেছিলেন। আর এরপরই তাকে নিয়ে পুরো ভারতজুড়ে উঠে তর্ক-বিতর্ক। এ অবস্থায় আমির খানকে থাকতে হচ্ছে পুলিশি পাহারায়। ভারতের সিনিয়র পুলিশ অফিসিয়ালি আমির খানকে এই নিরাপত্তার কথা জানান।
ডিসিপি ধনঞ্জয় কুলকার্নি আমির খানের নিরাপত্তা নিয়ে বলেন, আমরা এরইমধ্যে আমির খানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। তার নিরাপত্তার জন্য তাই অন্যকারো মাথা ঘামানোর প্রয়োজন নেই। যদিও আমরা খবর পেয়েছি আমির খানের নিরাপত্তা দিতে কারা যেন আর্জি জানিয়েছে।
রাখডাক না রেখেই তিনি রাষ্ট্রব্যবস্থা অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য করেছিলেন। এমনকি তার স্ত্রী সন্তানদের নিয়ে এক ধরণের অনিরাপত্তার মধ্যে আছে বলেও সে অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন আমির। ভারতে তার এমন মন্তব্যের পর ভারতজুড়ে আলোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এরইমধ্যে আমিরকে ভারত ছাড়ার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে।
শুধু তাই না, অসহিষ্ণুতার প্রশ্নে যেসব নির্মাতা ও অভিনেতারা তাদের অর্জিত জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তাদেরকেও সমর্থন করে কথা বলেন আমির। এটিকে তিনি প্রতিবাদের শক্তিশালী পদ্ধতি বলেও উল্লেখ করে ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রকে ‘অসহিষ্ণু’ বলায় আমির খানের বিরুদ্ধে ২৪ নভেম্বর মঙ্গলবার থানায় গিয়ে মামলা করেন স্বল্পদৈর্ঘ সিনেমা নির্মাতা উল্লাস পিআর।

