স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সিরিজটা অবশেষে হচ্ছেই। তবে বাংলাদেশকে এই সিরিজের হোম ভেন্যু করা নিয়ে যে আলোচনা, জ্বল্পনা-কল্পনা দানা বেধেছিল, সেটা সত্যি হলো না। পাকিস্তান এবং ভারত, দু’দেশের ক্রিকেট বোর্ডই শ্রীলংকায় সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। শ্রীলংকার পার্ল আইল্যান্ডে বসবে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই সিরিজটির।
পাকিস্তান-ভারত দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কের অচলাবস্থা কাটল দুবাইয়ে আইসিসির হেড কোয়ার্টারে একটা বৈঠকের পরে। যে বৈঠকটা হওয়ারই কথা ছিল না। হল, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান জাইলস ক্লার্কের দুতিয়ালির সৌজন্যে।
ভারত আর পাকিস্তান, দুই ক্রিকেট বোর্ড শ্রীলংকাতেই এই সিরিজটা খেলতে রাজি। তবে দু’দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই সিরিজের যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত করা হবে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানকে আজ (মঙ্গলবার) ডেকে পাঠিয়েছে দেশটির অভ্যন্তরীন মন্ত্রনালয়। যা অবস্থা, তাতে দেখা যাচ্ছে পাকিস্তান সরকারের সিরিজটা আয়োজন করার ব্যাপাওে অনুমতি দিয়ে দেওয়ার ভাল সুযোগ রয়েছে।
২৫ নভেম্বর দুবাইয়ে ফিরছেন শাহরিয়র খান। জাইলস ক্লার্ক এবং ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে তখন আরও একপ্রস্থ আলোচনা হবে। এরপরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
সিরিজটা সরাসরি সম্প্রসারণের চুক্তিও চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে টিভি স্বত্ব সই করার সময় এই সিরিজের জন্য আলাদা বাজেট ধার্য হয়েছিল। টিভি স্বত্ব নিয়ে বিসিসিআইর যে সমস্যা ছিল, সেটাও মিটে গিয়েছে।
জি গ্রুপ তাদের আশ্বাস দিয়েছে যে, তারা কোনও বিদ্রোহী লিগ আয়োজন করছে না। পাক বোর্ডকে তারা এ ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছে। গত সেপ্টেম্বরে যেটা ভারতীয় বোর্ডের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এখনও বেশ কিছু সমস্যা মেটানো বাকি আছে। যার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হল সিরিজ থেকে আসা অর্থ ভাগাভাগি। পাক বোর্ড ইঙ্গিত দিয়েছে যে, ভারতীয় বোর্ড আয় ভাগাভাগি করতে চায়। তারা নাকি নিজস্ব টাইটেল স্পনসর আনার ব্যবস্থাও করতে পারে। তবে সব সমস্যা ২৭ নভেম্বরের মধ্যে মিটে যাওয়ার কথা। যখন ভারতীয় বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে।

