স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। তবে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান ও অধিনায়ক স্টিভেন স্মিথ জনসনকে খেলার মধ্যে রাখতে চেয়েছিলেন। এমনকি এই গতিদানবকে শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন অসি অধিনায়ক ও কোচ। তবে তাতে সাড়া দেননি জনসন।
গত সপ্তাহে পার্থ টেস্টের শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মিচেল জনসন। গতি, বাউন্স, ইয়র্কার, ক্ষিপ্রতা ও আগ্রাসী মনোভাবের কারণে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা পেসার ভাবা হয় জনসনকে। অথচ সেই তিনিই কি না ৩৪ বছর বয়সে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ক্রিকেটকে বিদায় জানান।
লেম্যান জানান, তিনি এবং স্টিভেন স্মিথ চেয়েছেন জনসন যেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরো দীর্ঘায়িত করেন। তবে জনসন তাতে আগ্রহ দেখাননি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ড্যারেন লেম্যান বলেন, ‘স্টিভেন এবং আমার সঙ্গে কথা বলার পরই সে দ্রুত অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলে। মিডিয়ার সামনে অবসরের কথা বলার আগে সে এটি নিয়ে কিছুটা চিন্তা-ভাবনা করে। আমরা তাকে কমপক্ষে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু সে তাতে সাড়া দেয়নি। সে বাসায় বসে আমাদের খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছে।’
গত সপ্তাহে অবসর ঘোষণার সময় মিচেল জনসন জানান, অবসরের সিদ্ধান্তটি তার হঠাৎ করে নেয়া নয়। প্রায় এক বছর ধরেই তিনি অবসর নিয়ে চিন্তা-ভাবনা করছেন।
মিচেল জনসনের অবসর অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে কিছু ধারহীন করে তোলতে পারে। আগামী শুক্রবার থেকে অ্যাডিলেড ওভালে শুরু হতে যাওয়া ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে মিচেল স্টার্কের সঙ্গে জস হ্যাজেলউড ও পিটার সিডল অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে নেতৃত্ব দিবেন। ব্যাক-আপ পেসার হিসেবে রয়েছেন জেমন প্যাটিনসন।

