স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ প্রায় দুই মাস ধরে দলের বাইরে ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত শনিবার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পুরো ফিট না হওয়ায় প্রথম একাদশে তাকে মাঠে নামাননি কোচ লুইস এনরিকে। তবে আর্জেন্টাইন অধিনায়ক এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন কাতালান কোচ এনরিকে।
গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে লা লিগা ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ার পর শনিবার এল ক্লাসিকোতে খেলার দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। প্রায় ৩০ মিনিট খেলে কোনো গোল না পেলেও সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে সুয়ারেজের জোড়া গোলে রিয়ালকে ৪-০ গোলে ‘বিধ্বস্ত’ করে সফরকারী বার্সেলোনা।
তিনদিন পর মঙ্গলবার ফের মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবার ইতালিয়ান ক্লাব এএম রোমা। ঘরের মাঠ ন্যু-ক্যাম্পের ম্যাচটির জন্য মেসি পুরো ফিট বলে জানিয়েছেন লুইস এনরিকে।
রোমা ম্যাচের আগের দিন লুইস এনরিকে বলেন, ‘সে ফিট হয়ে ফিরেছে। বিশ্বের সেরা খেলোয়াড়কে ফিট হয়ে ফিরতে দেখাটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা তার প্রত্যাবর্তনকে উপভোগ করছি।’
এরপর মেসি পুরো ফিট জানিয়ে কাতালান কোচ বলেন, ‘মেসি পুরোপুরি ফিট এবং সে এখন আগের মতোই সঠিক ফ্রেমে রয়েছে ও ইনজুরি পুরো কাটিয়ে উঠেছে। তবে পুরো ফর্ম ফিরে পেতে তো তাকে মাঠে খেলতে হবে।’
গত মৌসুমে লিওনেল মেসি ও লুইস এনরিকের সঙ্গে দ্বন্দ্ব ও ঝামেলা শুরু হয় বলে স্প্যানিশ গণমাধ্যমে সংবাদ বের হয়। সেই সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করেন এনরিকে।
লুইস এনরিকে বলেন, ‘মেসির সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই ভালো ছিল। আমার দলের প্রায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। আমি ব্যক্তি-বিশেষের চেয়ে সমষ্টিকে প্রাধান্য দিয়ে থাকি, ঠিক স্কুলে সহপাঠিদের মধ্যকার সম্পর্কের মতো।’

