স্পোর্টস ডেস্ক : বহিষ্কৃত ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং ভাইস-প্রেসিডেন্ট মিচেল প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে এই দুজন ফুটবল থেকে সাত বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।
অনৈতিকভাবে অর্থ লেনদেনের জন্য ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটার ও প্লাতিনিকে সাত বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করবে বলে বিবিসি জানায়।
২০১১ সালে ৬০ বছর বয়সী প্লাতিনি ফিফা সভাপতি ব্ল্যাটারের কাছ থেকে দুই লাখ ডলার অর্থ অনৈতিক উপায়ে গ্রহণ করেন। কেনো ধরনের চুক্তি বা লিখিত প্রমাণ ছাড়াই প্লাতিনি এই অর্থ গ্রহণ করেন। যে কারণে ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটার ও প্লাতিনিকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করে।
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ক্রিসমাসের আগেই এই দুজন বড় ধরনের নিষেধাজ্ঞা মুখে পড়তে পারেন। আর সেই নিষেধাজ্ঞা হতে পারে সাত বছরের জন্য।
এদিক অর্থ কেলেংকারির পাশাপাশি অব্যবস্থাপনা, মিথ্যা ও ভুয়া অর্থের আদান-প্রদান ও ফিফার নৈতিকতা কমিটিকে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ার দায়েও অভিযুক্ত হতে যাচ্ছেন ব্ল্যাটার ও প্লাতিনি। ফলে বুঝাই যাচ্ছে, পায়ের তলার মাটি ধীরে ধীরে হারাতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের এই দুই ক্ষমতাধর ব্যক্তি।
সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এথিক্স কমিটির এক সদস্যের ভাষায়, ‘এই শাস্তিগুলো দেখলেই বোঝা যায়, দোষী প্রমাণিত হলে কত দিনের শাস্তি হতে পারে। এমনকি এর থেকে বেশিও হতে পারে। এখনই এই নিয়ে কিছু বলা যাবে না। তবে আমরা যা করবো, দ্রুতই করবো।’

