বগুড়া প্রতিনিধি : শহরের চারমাথা এলাকায় পিকআপ ভ্যান চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পিকআপ ভ্যান চালক বগুড়া সদরের বারপুর মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল হামিদ (৩৫) ও হেলপার একই এলাকার বাসিন্দা মাসুদ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় অজ্ঞাত এক পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটক করে। তবে চালক আব্দুল হামিদ দুর্ঘটনায় আহত হওয়ার কারণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, নিহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি।

