গোপালগঞ্জ প্রতিনিধি : টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-টুঙ্গিপাড়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, নিলফা বাজারে ওই নারী (২২) তার ১ বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে দৌড়ে রাস্তা পাড় হয়ে ইজিবাইকে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে তার শিশুকন্যা মারাত্মক আহত হয়। শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

