জয়পুরহাট প্রতিনিধি : ক্ষেতলাল উপজেলার খড়িকাটা এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি (নসিমন) উল্টে অছিম উদ্দিন(৫৫) ও তোফাজ্জল হোসেন(৬৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ যাত্রী।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অছিম উদ্দিন একই উপজেলার আফলা পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে এবং তোফাজ্জল হোসেন মৃত জহির উদ্দিনের ছেলে। আহত সকলের বাড়ি আফলা গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতে পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে অনুষ্ঠিত ওরশ শরীফ থেকে বাড়িতে ফেরার পথে ওই স্থানে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হন আরও ৮ জন। তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

