বান্দরবান প্রতিনিধি : সদর উপজেলার উদাল বনিয়া এলাকা থেকে পিস্তল, গুলি ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। অভিযানের সময় এক অস্ত্রধারী ও ২ ডিবি সদস্য আহত হন।
শুক্রবার গভীর রাতে ওই এলাকার একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আহত অবস্থায় সন্ত্রাসী দল ভুলু বাহিনীর প্রধান মো. ইলিয়াছ প্রকাশ ওরফে ইয়াবা ভুলু (৩৫)ও তার অন্যতম সহযোগী মো রুবেল (২৫) নামে দুজনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একশ পিস ইয়াবা এবং অনান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তোহেল এবং কামরুল নামে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।
তিনি আরও জানান, সন্ত্রাসী দল ভুলু বাহিনী দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, ইয়াবা ব্যবসা, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

